

ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের খারগাঁও গ্রামে একটি বসতঘরে চুরি, হামলা, মারধর, শ্লীলতাহানি ও ভাঙচুরের অভিযোগে রহমতপুর গ্রামের আছির আলীর ছেলে নাঈম আহমদকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, খারগাঁও গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন বাদী হয়ে গত ৮ জুলাই ছাতক থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, গত ৭ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বাদীর বসতঘরে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এ সময় বাদী ও তার পরিবারের সদস্যদের মারধর করে আহত করা হয়। পরিবারের এক নারী সদস্যকে শ্লীলতাহানির পাশাপাশি ঘর থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরির অভিযোগও করা হয়েছে।
এছাড়া বসতঘরে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে এবং প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও এজাহারে উল্লেখ করা হয়েছে। চুরি হওয়া নগদ টাকা ও মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
মামলার এজাহারে নাঈম আহমদ, জামিল আহমদ, সোহান আহমদ, চান মিয়া, জাহেদ ও সুহেল আহমদকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩৫৪, ৩৮০, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়েছে। অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply