

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের খারাই এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে স্থানীয় লোকজন মহাসড়কের বাম পাশে ডোবায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে জয়কলস হাইওয়ে থানা ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোতালেব হোসেন এবং জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নি.) মো. মিরাজুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, গত ১৪ জুলাই দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশ বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আসামি করা হয়নি এবং কোনো গ্রেপ্তারও হয়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং নিহতের পরিচয় শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply