

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা পিয়ারা বেগমের দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে তাঁকে সংবর্ধনা জানিয়েছে এলাকাবাসী। বুধবার (১৫ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় সংবর্ধনা পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, চিকিৎসক, সমাজসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ভালোবাসায় সিক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন। তিনি বলেন, “একজন আদর্শ শিক্ষক কখনো অবসরে যান না। তাঁর শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ শিক্ষার্থীদের জীবনজুড়ে বেঁচে থাকে। পিয়ারা বেগম নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষাঙ্গনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বাবুল মিয়া, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ জসিম উদ্দিন সুমেন, আবু জাহিদ বখত মানিক, মুনসুর আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. আর. জাহিদ মিয়া, শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল কাসেম মো. আব্দুল হাদী এবং বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার জান্নাতুল ফেরদৌস (মুনি)।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রধান শিক্ষক পিয়ারা বেগম শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না; তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে তাঁর অবদান এলাকাবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা বিস্তার এবং বিদ্যালয়ের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি দিতেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নতুন প্রজন্মের সামনে তাঁর কর্মময় জীবনকে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালারুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মানিক, ছাত্রদল নেতা শাওন আহমেদ, আবুল কাশেম, মোহাম্মদ আলী, সাঈফ উদ্দিন, শিক্ষা অনুরাগী নজরুল ইসলাম, নিজাম মাস্টার, আমিনুল হক, আবু বক্কর, নুরুক হক, সালেহ আহমদ (সাবেক মেম্বার), আব্দুল কাউয়ুম, চান্দ আলী গেদন, কয়েছ মিয়া, সফির উদ্দিন, এখলাছ মিয়া, মুক্তার আলী, মখলিছ মিয়া, তারেক, নুরুল হক কুটি মিয়া, আব্দুর রহিম, ফখরুল হাসান জেনিস, আলী হুসেন, আশরাফ উদ্দিন, বাকি বিল্লাহ, সেলিম আহমদ, জাকির, সুলেমান, রাজিব, আবদালসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষক পিয়ারা বেগমের কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করা হয়। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন এবং সঞ্চালনা করেন কামরুজ্জামান ও আব্দুল হাই লায়েক।
বিদায়ী মুহূর্তে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আবেগঘন উপস্থিতি প্রমাণ করে—একজন আদর্শ শিক্ষকের প্রকৃত অর্জন কেবল শ্রেণিকক্ষের পাঠদান নয়, বরং মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নেওয়া।
Leave a Reply