

স্টাফ রিপোর্ট :
সুনামগঞ্জের ছাতকের মঈনপুর জনতা মহা-বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মুহিতুল বারী রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। একটি কুচক্রী মহল ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ভিত্তিহীন ছবি ও মন্তব্য ছড়িয়ে তার বিরুদ্ধে কুৎসা রটনা চালিয়ে যাচ্ছে, যা এলাকায় চরম প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
সরকার পরিবর্তনের পর দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মঈনপুর জনতা মহা-বিদ্যালয়ের পুরোনো গভর্নিং বডিও বাতিল হয়। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় মুহিতুল বারী রহমান পুনরায় এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন। তার নেতৃত্বে কলেজের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়ন শুরু হলে কিছু মহল তা মেনে নিতে না পেরে অপপ্রচারে নামে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে ২৬ জুন নতুন করে একজনকে সভাপতি করে আদেশ দিলেও পরে ৩ জুলাই তা বাতিল করে মুহিতুল বারী রহমানকেই পুনরায় সভাপতি পদে বহাল রাখে। বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এই আদেশে তার মেয়াদ ১৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
স্থানীয় ও শিক্ষানুরাগী মহল জানিয়েছেন, মুহিতুল বারী রহমান একজন নির্দলীয়, শিক্ষানুরাগী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সিলেট ক্লাবের সাবেক সভাপতি ও ছাতক সমিতির উপদেষ্টা ছিলেন।
মুহিতুল বারী রহমান জানান, সামাজিক ও ব্যবসায়িক কারণে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তার ছবি থাকলেও তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক।
এ বিষয়ে ছাতকের সচেতন নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, মুহিতুল বারীর কারণে কলেজে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এবং শিক্ষার মান উন্নত হয়েছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
Leave a Reply