
ছাতকের সংবাদ ডেক্স :
আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ (৫)ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। দলীয় ঐক্যের মাধ্যমে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
২০ জানুয়ারী মঙ্গলবার বিকেলে ছাতকের রাজাপুর জয়েন্ট কনভেনশন হলে অনুষ্ঠিত এক সাংগঠনিক মতবিনিময় সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ছাতক ও দোয়ারাবাজারে বিএনপি অতীতেও ঐক্যবদ্ধ ছিল, এখনো ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে। তিনি বলেন, “আমরা বিগত দিনগুলোতে একসাথে আন্দোলন-সংগ্রাম করেছি, একসাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। সেই অভিজ্ঞতার আলোকে আগামী নির্বাচনসহ সব কর্মসূচি আমরা ঐক্যবদ্ধভাবেই বাস্তবায়ন করবো।”
তিনি আরও বলেন, দলের ভেতরের ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যের ভিত্তিতেই ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে ঐক্য ধরে রেখে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ছাতক-দোয়ারাবাজার আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেন, দলের শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি বলেন, “দলের প্রতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের প্রতি সম্মান প্রদর্শন করে আমি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি স্পষ্ট করে বলেন, মিলন ও তার মধ্যে কোনো বিরোধ নেই। “আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা বিরোধ ছিল না, এখনো নেই। এটি ছিল কেবল দলীয় প্রতিযোগিতা। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবেই, কিন্তু দলের স্বার্থ সবার ঊর্ধ্বে,”—বলেন মিজানুর রহমান চৌধুরী।

তিনি আরও বলেন, “আমাদের মন-প্রাণের সঙ্গে বিএনপি জড়িত। আগামী ২২ ডিসেম্বর থেকে নির্বাচনী আচরণবিধি মেনে আমরা সবাই একসাথে ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করবো।”
নেতারা বলেন, ছাতক-দোয়ারাবাজারে ধানের শীষের বিজয় মানেই হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিজয়। এ সময় তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, “মিলন-মিজান ভাই-ভাই—এ নিয়ে কোনো সন্দেহ নেই। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।”
সাংগঠনিক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন আহমেদ। পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মাস্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহিসহ আরও অনেকে।
এছাড়া সভায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা এমএ রউফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, জাকির হোসেন, এখলাছ মিয়া তালুকদার, হারুনুর রশি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সালমান, বিএনপি নেতা নুরুল আমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কৃষকদল নেতা নুর উদ্দিন। সভা শেষে নেতাকর্মীরা দলীয় ঐক্য অটুট রেখে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Leave a Reply