
ছাতকের সংবাদ ডেক্স :
ব্রিটিশ রাজনীতির বহুসাংস্কৃতিক অঙ্গনে আবারও দৃশ্যমান হচ্ছে বাংলাদেশি কমিউনিটির উপস্থিতি। যুক্তরাজ্যের London-এর Tower Hamlets ব্রমলি নর্থ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়ে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ছাতকের সন্তান মোহাম্মদ আব্দুল মুমিন।
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামের এই তরুণ সংগঠক প্রবাস জীবনে গড়ে তুলেছেন আলাদা পরিচিতি। ছাত্রজীবনের নেতৃত্বগুণকে পুঁজি করে তিনি এখন কমিউনিটি উন্নয়ন, সামাজিক সংহতি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় মুখ। তাঁর পিতা মাওলানা মাস্টার আব্দুল ওয়াহাবের আদর্শিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধই তাঁকে জনসম্পৃক্ততার পথে এগিয়ে নিয়েছে।
বর্তমানে তিনি ‘মাস্টার আব্দুল ওয়াহাব কল্যাণ ট্রাস্ট’-এর চেয়ারম্যান এবং চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাস্টের লন্ডন শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসীদের অধিকার, নতুন প্রজন্মের সম্ভাবনা এবং কমিউনিটির ঐক্য—এই তিনটি বিষয়কে সামনে রেখে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি।
আগামী ৭ মে ২০২৬ অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আব্দুল মুমিন। তিনি তার ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার ভোটারদের পাশাপাশি প্রবাসী বাঙালি কমিউনিটির কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন।
তার ভাষ্য, “এই নির্বাচন শুধু একটি পদ পাওয়ার লড়াই নয়, এটি আমাদের কমিউনিটির প্রতিনিধিত্বের প্রশ্ন। আমি চাই, আমাদের কণ্ঠস্বর আরও জোরালোভাবে মূলধারায় পৌঁছাক।”
নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। ইতোমধ্যে তার প্রার্থিতা ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ, আগ্রহ এবং প্রত্যাশার সঞ্চার হয়েছে—যা এই নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply