ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক থানায় দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই থানার পুরাতন ভবনকে নতুন রূপে সাজিয়ে তুলেছেন অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান।
গত মাসের ১৮ তারিখে দায়িত্ব গ্রহণের পর তিনি থানা ভবন ও এর পরিবেশের আমূল পরিবর্তনের উদ্যোগ নেন।

বর্তমানে থানা ভবনের রং করার কাজ প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি থানার প্রধান ফটকে আলোকিত লাইটিং বোর্ড স্থাপন করা হয়েছে। দু’সপ্তাহেরও বেশি সময় ধরে থানা চত্বরের সার্বিক সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। ইতোমধ্যে পুকুর পরিষ্কার, গাছের ডালপালা ছাঁটাই এবং পরিবেশ পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে জানা গেছে।
এই উদ্যোগে ওসি শফিকুল ইসলাম খানের রুচিশীলতা ও আন্তরিকতার প্রকাশ ঘটেছে। তিনি প্রমাণ করেছেন, যেকোনো প্রতিষ্ঠানের প্রধান আন্তরিক হলে পুরোনো ও নীরস পরিবেশকেও প্রাণবন্ত করে তোলা সম্ভব।
অন্যদিকে, ছাতকবাসীর সেবায় এগিয়ে এসে নিটল টাটা কোম্পানির পক্ষ থেকে থানায় আইনশৃঙ্খলা রক্ষায় একটি গাড়ি উপহার দেওয়া হয়েছে। এসব কাজে থানার ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
থানার বর্তমান রূপ দেখে সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, থানায় আগত সেবাগ্রহীতারা যেন আন্তরিক ব্যবহার ও সঠিক সেবা পান।
ওসি শফিকুল ইসলাম খান ইতোমধ্যেই নিজেকে জনবান্ধব ও মিডিয়াবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সর্বসাধারণকে আইনগত সেবা প্রদানে সর্বদা প্রস্তুত রয়েছেন।