ছাতকের সংবাদ ডেস্ক :
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে সাদা পাথর লু-টের ঘটনায় পাথর লু-ট চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) ভোর থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তিনজনকে তাদের নিজ বাড়ি থেকে এবং দুজনকে ট্রাকে ক্রাশ করা সাদা পাথর পরিবহনের সময় চেকপোস্টে আটক করা হয়।

পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার কালাই রাগ গ্রাম থেকে মোহাম্মদ কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), মো. আবু সাঈদ (২১) এবং নাজিরেরগাঁও গ্রামের মো. আবুল কালাম (৩২) কে গ্রেফতার করা হয়। একইদিন সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বিমানবন্দর এলাকার চেকপোস্টে ডাম্প ট্রাকে ক্রাশ করা সাদা পাথর পরিবহনের সময় লাছুখাল গ্রামের ইমান আলী (২৮) ও জাহাঙ্গীর আলম (৩৫) কে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উযায়ের আল মাহমুদ আদনান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাদা পাথর লু-টের ঘটনায় কোম্পানীগঞ্জের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিনজনকে নিজ বাড়ি থেকে এবং দুইজনকে ট্রাকভর্তি পাথরসহ আটক করা হয়। খনিজসম্পদ অধিদপ্তরের দায়ের করা মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”