ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় শিপা বেগম (২৬) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি দুই সন্তানের জননী এবং ওমান প্রবাসীর স্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। শিপা বেগম ওই এলাকার মো. কাউছার আহমদের ভাড়াটিয়া বাসার দ্বিতীয় তলায় বসবাস করতেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত শিপা বেগম ছৈলাআফজালাবাদ ইউনিয়ন এর আনন্দনগর গ্রামের মো. বিরহাম উদ্দিনের মেয়ে এবং চরমহল্লা ইউনিয়ন এর মৃত মমশর আলীর ছেলে, ওমান প্রবাসী মো. সাদিক আহমদের স্ত্রী। তিনি তার দুই কন্যা—আনিশা (৫) ও আলিফা (৩)-কে নিয়ে গোবিন্দনগরে ভাড়া বাসায় বসবাস করতেন।
খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল এ প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান তালুকদার। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।