ছাতকের সংবাদ ডেক্স :
“দেশীয় জাত – আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।

বুধবার সকালে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুমন আচার্যর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সফল খামারি শাহ শফিকুল আলম এবং শিক্ষক হরিপদ রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহাবুব উল আলম, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের সিনিয়র উপজেলা ম্যানেজার মোফাজ্জল হোসেন, উপজেলা পরিসংখ্যান পরিদর্শক আমিনুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সিইএ সোহেল আহমদ, বিএফএ শাহরিয়ার, এআই টেকনিশিয়ান মানিক মিয়া, এলএফএ মেহেদী হাসান, খামারি কবির আহমদ মধুসহ অনেকে।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এলএফএ জাবেদ আহমদ এবং গীতাপাঠ করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দিজেন্দ্র লাল চক্রবর্তী।

দিনব্যাপী প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারিদের ৩০টি স্টল অংশগ্রহণ করে। প্রদর্শনীতে সেরা খামারিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে সফল গরু খামারি মাহবুবুর রহমান প্রথম পুরস্কার অর্জন করেন। দ্বিতীয় পুরস্কার লাভ করেন খামারি বাসিত মিয়া এবং তৃতীয় পুরস্কার পান সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও অন্যান্য খামারিদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভার আগে বর্ণাঢ্য এক র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এসে শেষ হয়। প্রাণিসম্পদ উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় জাত সংরক্ষণ এবং খামারিদের সাফল্য তুলে ধরায় এ আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে।