ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব কলিম উদ্দিন আহমেদ মিলন–এর নির্বাচনী জনসভা আজ নোয়ারাই ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
১৯ শে নভেম্বর বুধবার স্থানীয় বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এ জনসভায় দুই ওয়ার্ডের হাজারো জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সরেজমিনে দেখা যায়, সভাস্থলে নারী-পুরুষ, যুব সমাজসহ সব শ্রেণি–পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন—

“জনগণই আমার শক্তি। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি ছাতক-দোয়ারাবাজারের উন্নয়ন, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চাই। ক্ষমতায় গেলে এলাকার দীর্ঘদিনের অবহেলিত যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে।”
তিনি আরও বলেন, “এই অঞ্চলের মানুষের অধিকারের প্রশ্নে কোনো আপস করিনি, ভবিষ্যতেও করব না। মানুষের সেবা করার জন্যই রাজনীতি করি।”
জনসভায় স্থানীয় জনপ্রতিনিধি, ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি ও মিলনের শুভাকাঙ্ক্ষীরা বক্তব্য দেন। তারা বলেন, নোয়ারাইসহ পুরো ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নে মিলনের বিকল্প নেই। তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং মানুষের প্রতি আন্তরিকতা তাকে জনমানুষের নেতায় পরিণত করেছে।
সভা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।