ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ।

সভা শুরুতে পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত বিষয়সমূহের অগ্রগতি তুলে ধরা হয়। এরপর সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের নিজ নিজ সমস্যা, প্রয়োজনীয়তা ও প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ নির্দেশনা প্রদান করেন।

এ সময় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান ছাতক থানার অফিসার ও ফোর্সদের বিভিন্ন প্রয়োজনীয় সুবিধা ও অসুবিধা সম্পর্কে পুলিশ সুপারের কাছে বক্তব্য উপস্থাপন করেন। তিনি থানার কর্মরত সদস্যদের কল্যাণ, অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক প্রয়োজনীয়তার দিকগুলো তুলে ধরেন। পুলিশ সুপার তার বক্তব্য গুরুত্ব সহকারে শোনেন এবং বাস্তবসম্মত পদক্ষেপের আশ্বাস প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো. রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায়, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো. আবদুল কাদের, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

কল্যাণ সভা শেষে বেলা পৌনে ১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা। এতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং অপরাধ দমনে গৃহীত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণের আস্থা অর্জনের জন্য পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।”

সভা শেষে জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার এবং আগামীতেও জনবান্ধব পুলিশিং নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন।