
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক পৌরসভার মধ্যবাজারস্থ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় মহাধুমধামে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী। উৎসবকে ঘিরে ভক্তবৃন্দের উপস্থিতি ও আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিজয়া দশমী উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম খাঁন। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার আয়োজন ঘুরে দেখেন।

পরিদর্শনকালে ছাতক উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ও পৌর কমিটির সভাপতি অরুন অধিকারী, পূজা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ওসি মো: শফিকুল ইসলাম খাঁন পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং ভক্তদের উদ্দেশ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। পূজামণ্ডপে আগত ভক্তবৃন্দ যেন শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সেজন্য ছাতক থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”
পূজা উদযাপন কমিটির সভাপতি অরুন অধিকারী পুলিশের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে এ বছরও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, বিজয়া দশমী উপলক্ষে সকাল থেকেই ভক্তদের উপস্থিতিতে আখড়ায় ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্তরা মা দুর্গাকে বিসর্জনের আগে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। পুলিশের এ ধরনের উপস্থিতি ও সক্রিয় পরিদর্শন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে বাড়তি নিরাপত্তা ও স্বস্তি বয়ে আনে।