
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে সওজ (সড়ক ও জনপথ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ থেকে শুরু হয়ে ধারণবাজার, কৈতক ও জাউয়াবাজার পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা। এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম, ছাতক সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী শাহাদাত হোসাইন, জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরীসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা সরকারি জায়গা দখল করে দোকানপাট নির্মাণ ও ভাড়া দিয়ে আসছিলেন। এতে প্রতিমাসে লাখ টাকারও বেশি অবৈধ আয় করতেন তারা। এসব স্থাপনার কারণে পথচারীরা চলাচলে ভোগান্তি পোহাত এবং সড়কে নিয়মিত যানজট সৃষ্টি হতো।
অভিযান শুরুর আগে সওজ বিভাগ মাইকিং করে ব্যবসায়ীদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ জানায়। পরে উচ্ছেদ অভিযানে সেমিপাকা ও টিনশেড স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। তবে স্থানীয়দের আশঙ্কা, কয়েকদিন পর আবারও দখলকারীরা সরকারি জায়গায় ফিরে আসতে পারে।