
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা পান্ডব ফরেস্টের সংরক্ষিত বনভূমিতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে চারটি স্টিল বডি নৌকা জব্দ করা হয়েছে। সম্প্রতি দৈনিক যুগান্তর-এ প্রকাশিত “ছাতকে হাদা টিলা কেটে পাথর উত্তোলন হুমকিতে পরিবেশ” শিরোনামের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন ছাতক থানার এসআই মঞ্জুরুল ইসলাম, বনবিট কর্মকর্তা আয়ুব আলী ও আনসার সদস্যরা।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দখলদার চক্র পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত চারটি স্টিল বডি নৌকা উদ্ধার করে জব্দ করা হয়। জানা গেছে, এসব নৌকা ব্যবহার করে তারা নদী থেকে পাথর উত্তোলন ও বনাঞ্চলে যাতায়াত করত।
সংরক্ষিত বনভূমির দাগ নম্বর ১৫০৬ এর অন্তর্ভুক্ত হাদা টিলা দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের আশ্রয়ে দখল ও লুটপাটের শিকার হয়ে আসছে। স্থানীয়রা অভিযোগ করেন, অবাধে পাথর উত্তোলন ও বনায়ন ধ্বংসের কারণে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
অভিযান শেষে ইউএনও মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “সংরক্ষিত হাদা টিলায় অবৈধ অনুপ্রবেশ ও সরকারি সম্পদ দখলের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় অভিযান চলমান থাকবে।”
অভিযানের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিন ধরে তারা বন উজাড় ও পাথর লুটপাট বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। নিয়মিত অভিযান হলে দখলদাররা আর সাহস পাবে না বলেও তারা আশা প্রকাশ করেন।
বিশেষজ্ঞদের মতে, হাদা টিলা এলাকার বনভূমি শুধু স্থানীয় মানুষের জীবন-জীবিকার সঙ্গেই নয়, বরং পুরো অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বনভূমি ও নদীসম্পদ রক্ষায় প্রশাসনের এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।