
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় থানা পুলিশের নিয়মিত অভিযানে একটি চাঞ্চল্যকর মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) ছাতক থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হারুন মিয়া (৩৫), পিতা মৃত আখলু মিয়া, উপজেলার পুরান নোয়াকুট গ্রামের বাসিন্দা। তিনি ছাতক থানায় দায়েরকৃত এফআইআর নং-০৬, তারিখ ০২ মার্চ ২০২৬ মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, উক্ত মামলাটি দণ্ডবিধির একাধিক গুরুতর ধারায় দায়ের করা হয়, যার মধ্যে রয়েছে ১৪৩, ১৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩০২, ৫০৬(২), ১১৪ এবং ৩৪ ধারা। এসব ধারার মধ্যে হত্যাচেষ্টা, হত্যা, গুরুতর জখম, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিলেন এবং তাকে গ্রেফতারে পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করে। সর্বশেষ শনিবার ভোরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, “আইনের আওতায় সকল অপরাধীকে নিয়ে আসতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের এ ধরনের অভিযান আরও বেগবান হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।