
ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের গাড়িতে লাগানো লাঙ্গল প্রতীকের নির্বাচনী ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাতক উপজেলার পেপারমিল বাজার সংলগ্ন লেবার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে পেপারমিল বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় শেষে জাহাঙ্গীর আলম তাঁর ব্যক্তিগত গাড়িটি বাজারের ব্রিজের পাশে লেবার পাড়ায় রেখে মাগরিবের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে তিনি স্থানীয় একটি মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ফিরে এসে তিনি দেখতে পান—গাড়িতে সাঁটানো লাঙ্গল প্রতীকের সব নির্বাচনী ফেস্টুন কে বা কারা ছিঁড়ে ফেলে গেছে।
এ ঘটনায় স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। জাহাঙ্গীর আলমের সমর্থকদের অভিযোগ, নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া দেখে একটি স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে ভীতি সৃষ্টি করতে এই অপতৎপরতায় জড়িত।

ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমি শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু একটি মহল তা সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে আমার গাড়ির ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এটি স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি আমি সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি। এর আগেও মণ্ডলীভোগ, হাসপাতাল রোডসহ ছাতক পৌরশহরের বিভিন্ন এলাকায় সাঁটানো আমার নির্বাচনী ব্যানার গায়েব করে ফেলা হয়েছে। এ ধরনের হিংসাত্মক কার্যক্রম চলতে থাকলে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ব্যাহত হবে। আমি আমার এবং ভোটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”
এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মিজ ডিপ্লোমেসি চাকমা বলেন,
“গতকাল রাতে জাতীয় পার্টির প্রার্থী মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন এবং আজ একটি লিখিত অভিযোগও পেয়েছি। অভিযোগটি অনুসন্ধান কমিটিতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply