
ছাতকের সংবাদ ডেস্ক ঃ
ঐতিহাসিক ছাতক মুক্ত দিবস উপলক্ষে আজ শনিবার (৬ ডিসেম্বর) শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১৯৭১ সালের এই দিনে ছাতক শত্রুমুক্ত হয়। প্রতি বছরের মতো এবারও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
সকালে শহরে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. ইমতিয়াজ আলী, আমির আলী বাদশাহ, হাজী নিজাম উদ্দিন বুলি, মো. আজাদ মিয়া এবং উপজেলা উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়দেব চন্দ্র দেবনাথ প্রমুখ।
বক্তারা ছাতক মুক্ত দিবসের ইতিহাস তুলে ধরে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম সমুন্নত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রার্থনা করা হয়।