
ছাতকের সংবাদ ডেক্স :
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য মনির হোসাইন (২৭)। তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর পূর্বপাড়া গ্রামের সাহাব উদ্দিনের পুত্র।
শনিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে কর্মস্থলে ফেরার পথে নরসিংদীর কাপাসিয়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এসময় সিএনজিতে থাকা মনিরসহ অন্যান্য যাত্রীরা আহত হন। গুরুতর আহত মনির হোসাইনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়, পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা সিএমএইচে (সেনা হাসপাতালে) রেফার করা হয়। ঢাকা পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেন সিএমএইচের জরুরি বিভাগের চিকিৎসক।
পরিবার সূত্রে জানা যায়, মনির হোসাইন সাপ্তাহিক ছুটিতে গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) গ্রামের বাড়িতে আসেন। পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে শনিবার সকালে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে রওনা হন। কটিয়াদী থেকে সিএনজি-যোগে যাওয়ার পথে কাপাসিয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
মনির হোসাইন ২০১৬ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন। পরে তিনি ১৬ মে, ২০১৬ সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) যুক্ত হন এবং সর্বশেষ তিনি ১৬ জুন ২০২৪ সালে র্যাব-১-এ যোগদান করেন।
স্থানীয়রা জানান, মনির একজন বিনয়ী, ভদ্র ও নম্র স্বভাবের যুবক ছিলেন। বাহিনীর সদস্য হয়েও তিনি কখনো এলাকার সাধারণ মানুষের ওপর প্রভাব খাটাননি। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে। সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে জানাজার নামাজ শেষে তাঁকে দাফন করা হয়। হৃদয়বিদারক এ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্ত্রী ও পরিবারের সদস্যরা কান্নায় বারবার মূর্ছা যান।
পুরো এলাকাজুড়ে নেমে আসে নিস্তব্ধতা ও ভারী শোকাবহ পরিবেশ।